ইবি থানা প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের উদয়পুর গ্রামে পূর্ববিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষের সময় একটি বাগানের প্রায় ৪০ থেকে ৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগও উঠেছে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উদয়পুর গ্রামে জানা মন্ডল ও রবিউল পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘটনার কয়েক দিন আগে গ্রামের সবুজের স্ত্রী ও রবিউলের ছেলে শাকিলের মধ্যে কথিত সম্পর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুই পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের একপর্যায়ে জানা মন্ডলের পক্ষের লোকজন রবিউলের পক্ষের লোকজনের ওপর হামলা চালালে তারা কিছু সময়ের জন্য পিছু হটে। পরে রবিউলের পক্ষের লোকজন সংগঠিত হয়ে পাল্টা হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের পর রবিউল পক্ষের লোকজন জানা মন্ডলের সমর্থক আলতাবের একটি বাগানে ঢুকে প্রায় ৪০ থেকে ৫০টি কলাগাছ কেটে ফেলেন। এতে বাগানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঝাউদিয়া ক্যাম্পের আইসি আরব আলী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাটি নজরদারিতে রেখেছে।









