বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার (৩ অক্টোবর) কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) ওবায়েদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স হাটশ হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া জেলা পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকসহ অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









