কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে কোডিন মিশ্রিত ফেয়ারডিল ও গাঁজাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫০ বোতল কোডিন মিশ্রিত ফেয়ারডিল ও ৪০০ গ্রাম গাঁজা। এ ঘটনায় নিয়মিত মামলা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেল কুষ্টিয়ার অভিযানে ভেড়ামারা উপজেলার চৈতন্য মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল কোডিন মিশ্রিত ফেয়ারডিলসহ মোছা. শিখা খাতুন (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার শিখা খাতুন পাবনা সদর উপজেলার বাংলাবাজার দক্ষিণ রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৯, তারিখ ৭ মে ২০২৬।

অন্যদিকে একই দিনে দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেল কুষ্টিয়ার আরেক অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার লালনের মাঠ এলাকায় ৪০০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— বিপ্লব বিশ্বাস (২৩), মামুন (২২), মুক্তার হোসেন (৫০), বসির (৩৮), রুবেল ইসলাম (২৯) ও আরিফ শেখ (৩২)।

পরে পরিদর্শক খবির আহমেদ, উপপরিদর্শক মো. ইকবাল হোসন ও মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম এবং মেহেদী হাসান রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে ১৫ দিন, ১ মাস ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদক পাচার ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।