কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, তাদের সেই চেষ্টা ব্যার্থ হয়েছে বিজিবির কারণে। এ ঘটনায় দুই বাহিনী কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে।

 

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭ বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

 

বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৪/৪-এস-এর কাছে পুশইন চেষ্টার ঘটনাটি ঘটে।

 

বিজিবি সূত্র জানায়, ১১ ব্যাটালিয়ন বিএসএফ-এর বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা দুইজন পুরুষ, এক জন নারী ও এক শিশুসহ মোট চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্য ও সীমান্ত টহল দলের কড়া সতর্ক অবস্থানের কারণে বিএসএফের চেষ্টা ব্যার্থ হয়। শুক্রবার ভোর ৬টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা করা চার জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফের এ ধরনের একতরফা ও অবৈধ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। এছাড়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়েও ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন বন্ধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছেন। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির পর্যবেক্ষণে রয়েছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর