নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৭৩০ টাকা ও একটি পুরোনো বাটন মোবাইল ফোনসহ মোঃ আমিরুল ইসলাম আমু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি কুষ্টিয়া।
গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম আমু কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত দুলাল শেখ এবং মাতার নাম সাবিয়া খাতুন।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চর আমলাপাড়া পূর্ণ বাবুর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি কুষ্টিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি চায়ের টং দোকানের সামনের পাকা রাস্তা থেকে আমিরুল ইসলাম আমুকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৭৩০ টাকা এবং একটি পুরোনো বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জব্দ করা নগদ অর্থ মাদক বিক্রির বলে দাবি করেছে অভিযান পরিচালনাকারী দল।
এসআরবি সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









