কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (৩০ আগস্ট) রাতে মিছিলটি হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিটের ভিডিওতে দেখা যায়, প্রায় আটজন ব্যক্তি মশাল হাতে একটি নির্জন স্থানে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্রাট হোসেনকে মিছিলটির নেতৃত্ব দিতে দেখা যায়। তবে মিছিলটি কুষ্টিয়ার ঠিক কোন স্থানে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সম্রাট হোসেন তার ফেসবুক ওয়ালেও মিছিলটির ভিডিও পোস্ট করেছেন বলে জানা গেছে। পোস্ট করা ভিডিওতে ‘কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ’ লেখা দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ফ্যাসিস্টদের কঠোরভাবে দমন করা হবে।

দেশবিরোধী ও সমাজবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কুষ্টিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আলমাস হোসেন মামুন বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে প্রশাসনকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মশাল হাতে মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর