কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে কুষ্টিয়া জেলা পরিষদ

বিশেষ প্রতিনিধি ॥ কলকাতার ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ। নিহত সাংবাদিকের পরিবার ও তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন সাংবাদিক দেবাশীষ দত্তের আড়ুয়াপাড়ার বাসভবনে যান। সেখানে তিনি নিহত সাংবাদিকের পরিবারের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। পরে তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় দেবাশীষ দত্তের শ্বশুরবাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের হাতে আরও ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু ও প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার মেয়ে মহিমা দত্তের খোঁজখবর নেন। মহিমার ভবিষ্যৎ জীবন ও পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “দেবাশীষ দত্তের পরিবারের জন্য এই ক্ষতি অপূরণীয়। তাদের এই কঠিন সময়ে কুষ্টিয়া জেলা পরিষদ পাশে থাকবে। বিশেষ করে দেবাশীষের মেয়ের ভবিষ্যতের বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখব।”

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, সন্তান স্বর্ণাশীষ দত্ত এবং আফসানার বাবা আকরাম আলী নিহত হন। দেবাশীষ দত্ত স্থানীয় দৈনিক আজকের আলো-এর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আজকের খবর ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। একই ঘটনায় পরিবারের একাধিক সদস্যকে হারানোর পর দেবাশীষ দত্তের ছোট মেয়ে মহিমা দত্ত অভিভাবকহীন হয়ে পড়ে। তার ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কুষ্টিয়া জেলা পরিষদের এই আর্থিক সহায়তা এমন এক সময়ে দেওয়া হলো, যখন ভয়াবহ ওই দুর্ঘটনার শোক কাটিয়ে উঠতে না উঠতেই পরিবারটিকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর