বিশেষ প্রতিনিধি ॥ পোল্ট্রি খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন জেলার পোল্ট্রি খামারি ও ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও উন্নয়ন) মো. মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুরে কুষ্টিয়া শহরতলির চৌড়হাস এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া জেলা পোল্ট্রি খামারি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পোল্ট্রি খাদ্যের দাম কয়েক দফায় বৃদ্ধি পাওয়ায় খামারিদের উৎপাদন ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও মাঝারি খামারিরা। অনেক খামারি খামার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। আবার কেউ কেউ লোকসানের কারণে খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। বক্তারা আরও বলেন, পোল্ট্রি খাতের উৎপাদন স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে ডিম ও মুরগির মাংস সরবরাহ নিশ্চিত করতে পোল্ট্রি খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা জরুরি।
মানববন্ধন শেষে খামারি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও উন্নয়ন) মো. মিজানুর রহমানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং খামারিদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকার পোল্ট্রি খামারি ও ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় কুষ্টিয়া জেলা পোল্ট্রি খামারি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









