ভেড়ামারা প্রতিনিধি ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ভেড়ামারা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিল্পকলা একাডেমির সভাপতি আমিরুল আরাফাত।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ মোহাম্মদ ফারুক আহমেদ, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি মোহা. আসমান আলী, সাংবাদিক এস. এম. আবু ওবাইদা-আল-মাহাদীসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ইউএনও আমিরুল আরাফাত বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, সাহিত্য ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলচর্চা তরুণদের মানসিক বিকাশের পাশাপাশি অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী আয়োজনে ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।









