কুমারখালীতে কিশোরকে হাতুড়ি দিয়ে পিটালেন মাদক ব্যবসায়ী এনাই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে কিশোরকে হাতুড়ি দিয়ে পিটালেন মাদক ব্যবসায়ী এনাই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় অন্তর আহমেদ (১৭) নামে এক কিশোরকে হাতুড়ি পেটা করেছে ঘোড়াই ঘাট এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী এনামুল হক এনাই। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কয়া ইউনিয়নের ঘোড়াই ঘাট বিল্লাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত অন্তর আহমেদ একই ইউনিয়নের বাড়াদী এলাকার মোঃ কুব্বাত আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দিনগত রাতে কয়া ইউনিয়নের বাড়াদী এলাকায় মাদক ব্যবসায়ী এনাই বিপুল পরিমান ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল (ঔষধ) বিক্রি করতে গেলে আহত অন্তর মাদক কেনা বেচার বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকসহ এনাইকে হাতে নাতে আটক করে। পরে মাদক ব্যবসায়ী এনাই এর পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে বলে এবারের মতো এনাইকে ক্ষমা করে দেন।

ভবিষ্যতে সে (এনাই) মাদক ব্যবসায়ী করবে না। পরে এলাকাবাসী তাকে পরিবারের হাতে তুলে দেয়। এরই জের ধরে গতকাল শুক্রবার বিকেলে অন্তর শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘোড়াই ঘাট এলাকার বিল্লাল মোড়ে পৌছালে মাদক ব্যবসায়ী এনাই তার গং নিয়ে অন্তরকে মোটরসাইকেল থেকে নামিয়ে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে।

পরে স্থানীয়রা অন্তরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত অন্তরের মা বলেন, মাদকের প্রতিবাদ করায় আমার ছেলেকে হাতুড়ি পেটা করেছে। আমি এর বিচার চাই।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, এবিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।