আধুনিক দৌলতপুর গড়তে সকলের সহযোগিতা চাই: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আধুনিক দৌলতপুর গড়তে সকলের সহযোগিতা চাই: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গ্রামে নির্বাচনী প্রচারণা করেন। গতকাল রবিবার ( ২৫ জানুয়ারি) প্রতিদিনের মতো ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আদাবাড়িয়া ইউনিয়নে সকাল নয়টায় উপস্থিত হলে ইউনিয়ন নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেন। ইউনিয়নের উত্তর প্রান্তে অবস্থিত আদাবাড়িয়া বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দিনভর গণসংযোগ কালে তিনি বেশকিছু পথসভায় বক্তব্য রাখেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলের একসাথে মিলেমিশে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবেনা, থাকবেনা কোনো বৈষম্য, থাকবেনা কোনো রেষারেষি, থাকবেনা কোনো সন্ত্রাস, হানাহানি ও লুটপাটের সংস্কৃতি।

দৌলতপুরের মাটি থেকে সকল অন্যায়ের মূল উৎপাটন করতে এবং আধুনিক দৌলতপুর গড়তে সকলের সহযোগিতা চাই। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন আমি কথা দিচ্ছি দৌলতপুরে সকল মতাদর্শের মানুষকে নিয়ে আমি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, দূর্নীতি মুক্ত দৌলতপুর উপহার দিব ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, বিএনপি নেতা এ্যাডভোকেট রমজান আলী, বিএনপি নেতা মোঃ ফজলুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের নেতা জুলফিকার আলী ভুট্টো, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।