খোকসা প্রতিনিধি ॥ গড়াই নদীর তীরে কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট গ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘হিজলাবট আর্টক্যাম্প ২০২৬’। অশ্রু আর্কাইভের আয়োজনে গত ১২ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এই শিল্পশিবির শেষ হয় গতকাল শনিবার (১৪ নভেম্বর)। এতে অংশ নেন দেশের ২০ জন শিল্পী। তাঁদের শিল্পকর্মে উঠে আসে হিজলাবটের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও স্থানীয় মানুষের জীবনযাপন।
গড়াই নদীর তীরে হিজলাবট ডেইরি অ্যান্ড এগ্রি ফার্মে অনুষ্ঠিত এই ক্যাম্পের কিউরেটর ছিলেন শাওন আকন্দ এবং সহযোগী কিউরেটর রেজাউর রহমান।
বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল। নদী ও খালের জালের মতো বিস্তৃত প্রবাহের মধ্যে গড়াই অন্যতম। এই নদীর তীরেই গড়ে উঠেছে হিজলাবট—ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ এক প্রাচীন জনপদ। উনিশ শতকে এখানে নীলকুঠি ও নীল কারখানা গড়ে তুলেছিলেন ইউরোপীয় নীলকররা। শিক্ষাবিদ হেরম্বচন্দ্র মৈত্রেয়, অভিনেত্রী কানন দেবী এবং লেখক-আলোকচিত্রী ইনাম-আল হকের নামও জড়িয়ে আছে এই জনপদের ইতিহাসের সঙ্গে।
নদীভাঙনে গ্রামের বড় একটি অংশ বিলীন হয়ে গেলেও পরিত্যক্ত নীলকুঠিটি এখনো অতীতের সাক্ষী হয়ে টিকে আছে। এমন ইতিহাসসমৃদ্ধ, নির্জন গ্রামটির একটি গরুর খামারেই বসেছিল শিল্পীদের এই মিলনমেলা।
ক্যাম্পে শিল্পীরা জলরং, স্থাপনাশিল্প, ক্যানভাস ও সায়ানোটাইপের মতো বিভিন্ন মাধ্যমে হিজলাবটের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতিকে তুলে ধরেন। গ্রামের মেঠোপথ, বুনোহাঁস, গড়াইয়ের পাড়, খেয়ানৌকার চলাচল এবং স্থানীয় মানুষের জীবনযাপনের নানা অনুষঙ্গ তাঁদের শিল্পকর্মে স্থান পায়। প্রকৃতির কাছাকাছি থেকে এবং গ্রামবাসীর সঙ্গে মিশে শিল্পীরা নিজেদের সৃষ্টিশীল ভাবনা প্রকাশ করেন।
রাজু সরকার গড়াই নদীর তীরে পাটকাঠি ও বাঁশ দিয়ে নির্মাণ করেন ‘দাদন’ শিরোনামের একটি স্থাপনাশিল্প। আলিফ জলরঙে তুলে ধরেন হিজলাবটের ইতিহাস। পাশাপাশি ‘ঞযব উরংঃধহপব ঞযধঃ ঈড়হহবপঃ’ শিরোনামের স্থাপনায় তিনি নীল চাষের নির্মম ইতিহাসকে শিল্পের ভাষায় প্রকাশ করেন।
রেজাউর রহমান, কাজী শাহীন, রামীজ আফরোজ শাহী ও রাশেদুল কবিরের শিল্পকর্মেও উঠে আসে হিজলাবটের আদি ইতিহাস। অন্যদিকে, জ্যোতি ও তানজুম নাহার পর্ণা সায়ানোটাইপ মাধ্যমে মরমী সাধক লালন সাঁইয়ের প্রতিকৃতিসহ কয়েকটি নিরীক্ষাধর্মী কাজ করেন।
শুধু শিল্পকর্ম সৃষ্টি নয়, শিল্প ও সমাজের সম্পর্ক নিয়েও ক্যাম্পে আলোচনা হয়। ডকুমেন্টারি চলচ্চিত্র ও শিল্পকর্ম নিয়ে শিল্পীদের নিজস্ব ভাবনা, অবস্থান এবং শিল্পচর্চার নানা দিক তুলে ধরে আয়োজন করা হয় মুক্ত আলোচনা।
গ্রামবাসীর জন্য ক্যাম্প প্রাঙ্গণে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। গড়াই নদীর তীরের প্রাকৃতিক পরিবেশেও প্রদর্শিত হয় শিল্পীদের কাজ। ফলে স্থানীয় মানুষ সরাসরি শিল্পকর্ম দেখার এবং শিল্পীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে শিল্পীদের আন্তরিক সংযোগ তৈরি করা এবং শিল্পকে সামাজিক সম্পৃক্ততার একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা। কয়েক দিন গ্রামের মানুষের সঙ্গে সময় কাটিয়ে শিল্পীরা স্থানীয় জীবন, সংস্কৃতি ও পরিবেশকে কাছ থেকে জানার চেষ্টা করেন। তাঁদের যাপনেও ছিল সরলতা ও প্রকৃতির সঙ্গে মিশে থাকার প্রবণতা।
তিন দিনের এই আয়োজনের মধ্য দিয়ে হিজলাবটের ইতিহাস, প্রকৃতি ও মানুষের জীবন শিল্পের নানা মাধ্যমে নতুনভাবে প্রকাশ পেয়েছে। একই সঙ্গে প্রান্তিক জনপদে শিল্পচর্চা এবং সাধারণ মানুষের কাছে শিল্পকে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস হয়ে উঠেছে ‘হিজলাবট আর্টক্যাম্প ২০২৬’।
ক্যাম্পে অংশ নেওয়া ২০ শিল্পী হলেন—আলী মোর্তুজা (জ্যাকি), মো. ইশরাক আলম (আলিফ), হেমায়েত হিমু, জ্যোতি, কাজী শাহীন, কিরিটি সাহা, নজরুল হোসেন নয়ন, মুহা. রামীজ আফরোজ শাহী, রাশেদুল কবির, রাজু সরকার, রেজাউর রহমান, তানজুম নাহার পর্ণা, শাওন আকন্দ, পলি লায়লা, অনন্ত কুমার দাস, জান ই আলম চঞ্চল, বায়েজিদ সোহাগ, সাকিব সরকার, আমেনা ও আবু রাশেদ কিরণ।









