কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে নদীর ভারসাম্য

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড় কেটে প্রকাশ্যে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এক্সকাভেটর দিয়ে নদীর পাড় থেকে মাটি কেটে শত শত ট্রলিতে করে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, মাটি পরিবহনের কারণে সড়কে কাদা জমে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

 

গতকাল শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে সরেজমিনে ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড়ে মাটি কাটতে এবং ট্রলিতে করে তা পরিবহন করতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, নদীর পাড় থেকে কাটা এসব মাটি উপজেলার বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে।

 

মাটি কাটার স্থানে থাকা মো. রাশিদুল ইসলাম জানান, পানির মধ্যে তাঁদের সাড়ে আট লাখ টাকা রয়েছে। জেলা প্রশাসক তাঁদের ঘাট বরাদ্দ দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, পলি মাটি কেনাবেচা হচ্ছে। রেকর্ডভুক্ত ব্যক্তিদের কাছ থেকে মাটি কিনে যাতায়াতের রাস্তা তৈরি করে প্রতি গাড়ি মাটি ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এসব মাটি প্রফেসর, সৈনিক ও দুলালের ইটভাটায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাট বরাদ্দের দাবির বিষয়ে কোনো নথিপত্র বা অনুমোদনের প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলিচালক জানান, তিনি গড়াই নদীর পাড় থেকে মাটি নিয়ে বিভিন্ন ইটভাটায় পৌঁছে দিচ্ছেন। তবে নির্দিষ্ট কোনো ইটভাটার নাম জানাতে চাননি তিনি। তাঁর দাবি, এখানকার মাটি উপজেলার বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে।

 

এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, দিনের পর দিন প্রকাশ্যে নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে। এসব মাটি ট্রলিতে করে বিভিন্ন ইটভাটায় নেওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে কাদা জমে থাকে। এতে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছে। স্থানীয়রা নিষেধ করলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মাটি কাটা ও পরিবহন বন্ধ করছেন না বলে অভিযোগ করেন তিনি।

 

নদী গবেষক হাসান আলী বলেন, নদীর ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ ভূমিকা না থাকলে নদীর নিজস্ব গতির ছন্দপতন ঘটতে পারে, যা প্রকৃতির জন্য বড় ধরনের হুমকি।

 

বিষয়টি জানার পর কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেছেন। তাঁদের কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

গড়াই নদীর পাড় থেকে মাটি কাটার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, এভাবে মাটি উত্তোলন অব্যাহত থাকলে নদীর পাড় ও স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে সড়কে মাটি ও কাদা পড়ে জনদুর্ভোগ বাড়ছে। নদীর পাড়ের সুরক্ষা, মাটি উত্তোলনের বৈধতা যাচাই এবং পরিবহনজনিত দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর