কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে ভর্তি জালিয়াতি: অভিযুক্ত শিক্ষার্থী ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া একই ঘটনায় দায়িত্বে অবহেলা ও অপেশাদার আচরণের অভিযোগে বিভাগের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গতকাল শনিবার (১৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতারণার মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগে শিক্ষার্থী শামিমা আক্তার, তাঁর স্বামী ও ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন এবং এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ইংরেজি বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরত জাহান ও সহকারী লাইব্রেরিয়ান মুরাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামিমা আক্তারের বিরুদ্ধে ভর্তি জালিয়াতির অভিযোগ ওঠে। বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে তিনি ভর্তি হন এবং ওই শিক্ষাবর্ষের নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেন। পরে পরীক্ষার ফলাফল প্রস্তুতের সময় বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে। এরপর জরুরি সভায় তাঁর পরীক্ষায় অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্ত নেয় বিভাগ।

 

অভিযোগ রয়েছে, ভর্তি জালিয়াতির বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও একাডেমিক শাখাকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে বিভাগের কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে সমাধানের চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত না করে বিষয়টি বিভাগেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। পরে ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে কমিটির তদন্তের ভিত্তিতে মামলার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর