কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শুরু আমন ধান সংগ্রহ অভিযান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শুরু হয়েছে আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযান। এবার কুষ্টিয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৫ হাজার ৩৮৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।

 

এ ছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে মিলমালিকদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে আতপ চাল সংগ্রহ করা হবে। তবে কুষ্টিয়া জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করা হয়নি।

 

এদিকে, সরকারি খাদ্যগুদামে ধান ও চাল বিক্রি করতে গিয়ে হয়রানি ও নানা ধরনের বিড়ম্বনা বন্ধের দাবি জানিয়েছেন কৃষক ও মিলমালিকরা। পাশাপাশি পুরো সংগ্রহ অভিযান সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পেরে তাঁরা সন্তুষ্ট। কৃষকদের ভাষ্য, বর্তমানে খোলাবাজারে প্রতি মণ ধান ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সরকারি খাদ্যগুদামে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান বিক্রি করলে প্রতি মণে প্রায় ১ হাজার ৪০০ টাকা পাওয়া যাবে। এতে বাজারদরের তুলনায় বেশি দামে ধান বিক্রির সুযোগ তৈরি হবে এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য কিছুটা নিশ্চিত হবে বলে মনে করছেন তাঁরা।

 

তবে কৃষকদের আশঙ্কা, সংগ্রহ অভিযান চলাকালে খাদ্যগুদামে ধান সরবরাহ করতে গিয়ে আগের মতো হয়রানি ও বিড়ম্বনার শিকার হতে পারেন তাঁরা। তাই প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা, মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও সিন্ডিকেটের তৎপরতা বন্ধ এবং সহজ প্রক্রিয়ায় ধান বিক্রির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

 

অন্যদিকে, চাল সংগ্রহের নির্ধারিত দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মিলমালিকরা। তাঁদের মতে, বাজারে ধানের দামের সঙ্গে চালের সরকারি সংগ্রহমূল্যের সামঞ্জস্য রয়েছে। ফলে নির্ধারিত দামে খাদ্যগুদামে চাল সরবরাহ করলে তাঁরা লাভবান হতে পারবেন।

 

মিলমালিকরা জানান, চাল সংগ্রহ অভিযান শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। এ সময় সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সরবরাহের সুযোগ পাবেন তাঁরা।

 

খাদ্য বিভাগ জানিয়েছে, আজ থেকে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু হচ্ছে। আর মিলমালিকদের কাছ থেকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর। তবে কুষ্টিয়া জেলায় চাল সংগ্রহের পরিমাণ বা লক্ষ্যমাত্রা এখনো চূড়ান্ত হয়নি।

 

কৃষক ও মিলমালিকদের প্রত্যাশা, নির্ধারিত দামে ধান-চাল সংগ্রহের পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। প্রকৃত কৃষক যাতে হয়রানি ছাড়াই ধান বিক্রি করতে পারেন এবং কোনো সিন্ডিকেট যেন সংগ্রহ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে খাদ্য বিভাগের কার্যকর নজরদারি চান তাঁরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর