কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অটো-এলপিজি গ্যাস সংকট, ভোগান্তিতে চালকরা

বিশেষ প্রতিনিধি ॥ গত মাসের শেষ সপ্তাহ থেকে কুষ্টিয়ায় অটো-এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অটো ও এলপিজিচালিত যানবাহনের চালকদের। এতে একদিকে যেমন চালকদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে যাত্রী পরিবহনেও সৃষ্টি হচ্ছে ভোগান্তি। 

 

ফিলিং স্টেশন মালিকদের দাবি, বাজারে এলপিজি গ্যাসের সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। তাদের অভিযোগ, অসৎ উদ্দেশ্যে গ্যাস মজুত করে কৃত্রিম সংকট দেখিয়ে অতি মুনাফা অর্জনের লক্ষ্যে আমদানিকারকদের গ্যাস সরবরাহে গাফিলতির কারণেই পরিস্থিতির অবনতি হয়েছে। তবে আমদানিকারকদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

 

চালকরা জানান, স্বাভাবিক সময়ে যে পরিমাণ গ্যাস পাওয়া যেত, বর্তমানে তা নিয়মিত পাওয়া যাচ্ছে না। গ্যাসের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কখনো কখনো দীর্ঘ সময় অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। এতে দৈনিক আয় কমে যাওয়ার পাশাপাশি যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

 

বিশেষ করে দূরপাল্লা ও নিয়মিত যাত্রী পরিবহনকারী অটোরিকশাচালকদের জন্য সংকটটি আরও বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও তীব্র হতে পারে। তারা এলপিজি সরবরাহ ব্যবস্থায় নজরদারি বাড়ানো এবং সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 

 

অন্যদিকে, চালক ও যাত্রীদের দাবি, অটো-এলপিজি গ্যাসের সংকট দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংকটের প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

 

এদিকে কুষ্টিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের সরবরাহে সংকট দেখিয়ে ভোক্তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

 

 ক্রেতাদের অভিযোগ, গ্যাস সংকটের কথা বলে কোনো কোনো ব্যবসায়ী প্রতি সিলিন্ডারে বাড়তি দাম নিচ্ছেন। হঠাৎ করে বাড়তি দাম নেওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। ক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ ও মূল্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। 

 

তবে কোন ব্যবসায়ী কত দামে সিলিন্ডার বিক্রি করছেন এবং সরকার নির্ধারিত মূল্যের তুলনায় কত টাকা বেশি নেওয়া হচ্ছে তা যাচাই করে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর