কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, মানসম্মত শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা হয়। কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন উপলক্ষে কর্মপরিকল্পনার আওতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে মো. হারুন অর রশিদ সরকারের নির্বাচনী ইশতেহারসংক্রান্ত ফ্যামিলি কার্ডের তাৎপর্য, নারীর ক্ষমতায়ন, নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬, সরকারি বিভিন্ন সুবিধা ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি স্কুলের শিক্ষার্থীদের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, কুষ্টিয়ার খাল খনন, পদ্মা ব্যারেজের সুবিধা, চিকিৎসাসেবা, নারীদের জন্য গাড়ি, কৃষি বিপ্লবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ, লিগ্যাল এইড ও গ্রাম আদালতের সুবিধা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সন্তানদের মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের করণীয়, ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব, জুলুম প্রতিরোধ, অন্যের সম্পদে হস্তক্ষেপ না করা এবং সামাজিক বিশৃঙ্খলা রোধে করণীয় বিষয়েও বক্তব্য দেন তিনি। মো. আমিনুল ইসলাম বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের নৈতিক শিক্ষা ও সঠিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবারের পাশাপাশি মায়েদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান সুমন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সন্তানের শিক্ষাজীবনে মায়েদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর আইয়ুব হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১৩ নম্বর ওয়ার্ড, কুষ্টিয়া পৌর শাখার সভাপতি মো. হাসানুজ্জামান তাঁর বক্তব্যে শিক্ষা, ফ্যামিলি কার্ড এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৩ নম্বর ওয়ার্ড, কুষ্টিয়া শাখার আমির মুজাহিদুল ইসলাম সুজন শিশুদের শিক্ষায় মায়েদের করণীয় এবং ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১৩ নম্বর ওয়ার্ড, কুষ্টিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আলী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং সমাজের সার্বিক উন্নয়নে শিক্ষিত মায়ের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলী শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মায়েদের করণীয়, মাদকের কুফল, স্বাস্থ্যকর খাবার গ্রহণে সচেতনতা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। নারী সমাবেশে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নারী, অভিভাবক ও শিক্ষার্থীসহ প্রায় ১৪০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. ফারুক হোসেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর