বিশেষ প্রতিনিধি ॥ আবারো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সড়ক ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও কুষ্টিয়া পৌরসভা। তবে স্থানীয়রা জানান কিছুদিন আগেও এখানে প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধ দোকান পাটের স্থাপনা সড়িয়ে দেয়। কাদের ছত্রছায়ায় এসব স্থাপনা পুনরায় গড়ে উঠছে প্রশ্ন স্থানীয়দের।
এদিকে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আকতার। তিনি জানান, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান এর নির্দেশে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের সামনের এলাকায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ ও অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। এসব স্থাপনার কারণে হাসপাতাল এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হাসপাতালের সামনে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে দখল করা স্থানগুলো উন্মুক্ত করে দেয়। একই সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক ও ফুটপাত দখল করে ভবিষ্যতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় রোগী, স্বজন ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জনসাধারণের ব্যবহারের স্থান দখলমুক্ত রাখার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিলো। সরকারি জায়গা দখল করে কোন স্থাপনা গড়ে না তোলার সতর্কবার্তা দেন তারা।
এদিকে স্থানীয়রা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবা প্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে চলাচলের পরিবেশ আরও স্বাভাবিক হবে। তবে উচ্ছেদ করা স্থানগুলোতে যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা। হাসপাতালে চলাচলের পরিবেশ স্বাভাবিক রাখা জরুরি বলে মনে করেন রোগীর স্বজনরা।









