কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমবে: এমপি ফরিদা ইয়াসমিন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ট্রেনযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে কুষ্টিয়া কোর্ট স্টেশনের বর্ধিতকরণ ও প্ল্যাটফর্ম উঁচুকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া কোর্ট স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে সংসদীয় আসন-৩০৬-এর সদস্য ফরিদা ইয়াসমিন এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে রেলযাত্রী অধিকার পরিষদের উদ্যোগে স্টেশনের প্ল্যাটফর্মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম নিচু থাকায় ট্রেনে ওঠানামার সময় বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

প্ল্যাটফর্ম উঁচু ও সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা অনেকাংশে বৃদ্ধি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন এমপি বলেন, “কুষ্টিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম আধুনিক ও যাত্রীবান্ধব করা। এই কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। রেলযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমানোই উন্নয়নের মূল লক্ষ্য। কুষ্টিয়ার রেল যোগাযোগের উন্নয়নে ভবিষ্যতেও কাজ অব্যাহত থাকবে।”

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া প্রণব কুমার সরকার, কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদের সিনিয়র উপদেষ্টা বরকতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রেলযাত্রী অধিকার পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রেলযাত্রীদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও প্ল্যাটফর্ম উঁচুকরণ কাজ শেষ হলে কুষ্টিয়া কোর্ট স্টেশনটি আরও নিরাপদ, আধুনিক ও যাত্রীবান্ধব স্টেশনে পরিণত হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর