দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন কামাল হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ। একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৫০) জোরপূর্বক নির্মাণকাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তার। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি। কামাল হোসেনের অভিযোগ, নিজ নামে থাকা পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করলে বিপ্লব হোসেন সেখানে বাধা দেন।
বিপ্লব ওই জমির ওপর দিয়ে চলাচলের রাস্তা রয়েছে দাবি করে নির্মাণকাজ বন্ধের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। কামাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। সেখানে তার জমির কাগজপত্র পর্যালোচনা করে সালিশকারীরা বিপ্লব হোসেনের চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা থাকার বিষয়টি জানান। সালিশের সিদ্ধান্ত মেনে বিপ্লব হোসেন স্বাক্ষরও করেছিলেন বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, সালিশে বিষয়টির সমাধান হওয়ার পরও বাড়ি নির্মাণের কাজ শুরু করলেই বিপ্লব হোসেন আবারও বাধা সৃষ্টি করছেন।
এতে নিজ সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করতে গিয়ে তিনি হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা মহাব্বত আলী বলেন, বিপ্লব হোসেন কামাল হোসেনের সম্পত্তিতে অন্যায়ভাবে বাড়ি নির্মাণে বাধা দিচ্ছেন। তার চলাচলের জন্য অন্য পাশ দিয়ে রাস্তার ব্যবস্থা রয়েছে। দীর্ঘদিন ধরে কামালের জমির পাশ দিয়ে চলাচল করলেও বর্তমানে ওই জমিতে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার পর বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য আতার হোসেন বলেন, বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশ-বৈঠক হয়েছে। বিপ্লব হোসেনের চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং তিনি সালিশের সিদ্ধান্ত মেনেও নিয়েছিলেন।
এরপরও কামাল হোসেন নিজ জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে বাধা দেওয়ার বিষয়টি দুঃখজনক। তিনি আরও বলেন, আগে কামাল হোসেনের জমির একটি অংশ চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হতো। তবে বিপ্লবের চলাচলের জন্য অন্যদিকে রাস্তার ব্যবস্থা থাকায় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে। কামাল হোসেনের দাবি, সালিশের মাধ্যমে বিষয়টির সমাধান হওয়ার পরও তার বৈধ সম্পত্তিতে নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত বিষয় উদঘাটন এবং তার নিজস্ব সম্পত্তিতে নির্বিঘ্নে বাড়ি নির্মাণের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।









