বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় জেলা ও কলেজ শাখা ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কুষ্টিয়া সরকারি কলেজের ২ নম্বর গেটের পাশে এ হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার (১১ নভেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বাদী হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনার জন্য কুষ্টিয়া সদর থানা এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কুষ্টিয়া সরকারি কলেজের ২ নম্বর গেটের পাশে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছেন। পরে রাত পৌনে ৯টার দিকে ডিবি পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালান।
এজাহারে আরও বলা হয়, অভিযানকালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরতে যায়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্যদের ঘিরে ধরেন। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন এবং লোহার রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে ডিবি পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
এ সময় পুলিশের কাছে থাকা অস্ত্র, গুলি ও বেতারযন্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের পোশাক ধরে টানাহেঁচড়া এবং তাদের ব্যবহৃত রিকুইজিশন করা মাইক্রোবাস ভাঙচুরের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে পুলিশ লাইন্সের সদস্য ও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডিবি পুলিশের এসআই রকিব উদ্দিন জনি, এসআই মোহাম্মদ জিহাদ হোসেনসহ আহতরা ভর্তি হন।
মামলার এজাহারে আসামিরা হলেন-কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম (২৬), জেলা ছাত্রদল নেতা সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহবায়ক কাদের (২৪), রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি পাপন (২৪), রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ শাহরিয়ার জয় (২৩) ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)।
এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৫০৬ ও ৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(ক) ধারায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব তসলিম উদ্দিন নিশাত বলেন, সারা দেশে একটি পক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। ছাত্রদলের নেতাকর্মীরা এসব প্রতিহত করার চেষ্টা করছেন।
তিনি দাবি করেন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষকে অবগত না করে ডিবি পুলিশের সদস্যরা সাদা পোশাকে ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁর জানামতে, তাঁরা মাদক কারবারিদের সঙ্গে মাদক কেনাবেচার বিষয়ে সমঝোতা করছিলেন। বিষয়টি দেখে সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন করলে তাঁদের সঙ্গে ডিবি সদস্যদের বাগ্বিতণ্ডা হয়। পরে পরিস্থিতি সমাধানে এগিয়ে গেলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মারধরের শিকার হন।
নিশাত বলেন, দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ডিবি পুলিশের এভাবে ক্যাম্পাসে প্রবেশের কারণ কী, তা প্রশাসনের কাছে জানতে চান তাঁরা। একই সঙ্গে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মামলার বাদী এসআই রকিবউদ্দীন জনি বলেন, তিনি মামলার বাদী। সিটি স্ক্যান করানোর পর এ বিষয়ে কথা বলবেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা মাদক উদ্ধারে গেলে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহার হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।









