কুমারখালী প্রতিনিধি ॥ দেখলে মনে হবে কোনো পুকুর কিংবা জলাশয়। কিন্তু এটি কোনো জলাশয় নয়—এটি চার শতাধিক মানুষের চলাচলের একমাত্র সড়ক। সামান্য ২০০ ফিট রাস্তা কাদা-পানিতে থৈথৈ করায় চরম দুর্ভোগে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কারাগারপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বছরের প্রায় পাঁচ মাস পানিতে ডুবে থাকে সড়কটি। পানি কমলে আরও প্রায় দুই মাস থাকে কাদায় ভরা। ফলে এই পথে স্বাভাবিকভাবে চলাচল করাই কঠিন হয়ে পড়ে। স্থানীয় রবিউল বলেন, এই সড়কের কারণে গ্রামের অনেক ছেলেমেয়ের বিয়েতেও সমস্যা হয়। পাশেই রয়েছে গোরস্থান। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া যায় না। কারিগর শহিদুল ইসলাম বলেন, তাঁতের যন্ত্রপাতি নষ্ট হলে মেরামতের জন্য বাইরে নিতে পারেন না।
অন্যের বাড়ির ভেতর দিয়ে নিতে গেলে নানা কথা শুনতে হয়। শিক্ষার্থী ফাহিমের অভিযোগ, রাস্তার কারণে নিয়মিত স্কুলে যেতে সমস্যা হয়। কাদা-পানিতে পোশাক নষ্ট হয়, ভিজে যায় বই-খাতাও। স্থানীয় যুবক আব্দুর রউফ বলেন, চার শতাধিক মানুষ সামান্য ২০০ ফিট রাস্তার কারণে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে এটি হিন্দু অধ্যুষিত এলাকা। বছরের পাঁচ মাস পানি, প্রায় দুই মাস কাদা—সব মিলিয়ে আমাদের চলাচলের অবস্থা খুবই খারাপ। তবে স্থানীয়দের দুর্ভোগের কথা স্বীকার করে কুমারখালী উপজেলা প্রকৌশলী নাজমুল হাসান বলেন, দুই পাশে বাড়িঘর উঁচু হওয়ায় সড়কটি নিচু হয়ে গেছে। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি উঁচু করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে। স্থানীয়দের দাবি, আশ্বাস নয় দ্রুত এই ২০০ ফিট সড়ক সংস্কার করে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।









