কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ খেলা ‘গাদন’। ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া একাদশকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ধর্মদহ ইয়াং স্টার। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ মালিথাপাড়ায় এ গাদন খেলার আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে দুপুরের পর থেকেই মাঠে জড়ো হতে থাকেন আশপাশের কয়েকটি গ্রামের শত শত ক্রীড়ামোদী দর্শক।

খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে ধর্মদহ ইয়াং স্টার। তাদের ধারাবাহিক ও কৌশলী খেলার সামনে প্রতিপক্ষ নওপাড়া একাদশ তেমন সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ৩-০ গাদনের ব্যবধানে নওপাড়া একাদশকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে স্বাগতিক দলটি। খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি রাশিকসহ কমিটির অন্যান্য সদস্য বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ধর্মদহ ইয়াং স্টারের হাতে তুলে দেওয়া হয় একটি ট্রফি ও একটি খাসি ছাগল। অন্যদিকে রানার্স-আপ নওপাড়া একাদশ পায় রানার্স-আপ ট্রফি ও একটি রাজহাঁস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি রাশিক বলেন, “গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।” তিনি বলেন, ভবিষ্যতেও গ্রাম বাংলার লোকজ ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর