বিশেষ প্রতিনিধি ॥ বাবার মৃত্যুর সংবাদ শুনে শেষবারের মতো দেখতে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু ঘাতক ট্রাকের চাকা সেই শেষ দেখাও হতে দিল না। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা গেছেন নূর আলম জিকু (৪৫) নামে এক ব্যক্তি। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত জিকু দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন নিজ গ্রামে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে জিকু তার কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে স্বস্তিপুর এলাকায় একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়।
এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান জিকু। ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে জানতে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।









