কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর ওইদিন রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্তের পর গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আসামি ওসমান প্রামাণিক এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। সেখানে চুরির অভিযোগে ২০২৪ সালে তিনি চাকুরিচ্যুত হন। তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে। শনিবার রাত ১১টার দিকে ৭.৬৫ মডেলের একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে পাওনা টাকা আদায় করতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের দুলাইভাই ইসমাইল শেখের বাড়িতে যান।
সেখানে টাকা না পেয়ে পিস্তল দিয়ে দুলাভাইকে হুমকি দেখান। সেসময় খবর পেয়ে স্থানীয় জনতা ও কুমারখালী থানা পুলিশ একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ। গতকাল রোববার দুপুরে সরেজমিন দেখা যায়, থানা চত্বরে স্বজনদের আনাগোনা। আসামি ওসমানকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। এ সময় নাম প্রকাশ না করা শর্তে ওসমানের এক স্বজন জানান, কোম্পানীর টাকা চুরি নিয়ে শ্যালকের সঙ্গে দুলাইভাইয়ের বিরোধ ছিল। শনিবার রাতে অস্ত্রহাতে দুলাভাইকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়েছিল।
তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি দুলাইভাই ইসমাইল শেখ। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, টাকা সংক্রান্ত জেরে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আসামি তার দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিল। সেসময় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে অস্ত্রসহ আসামিকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা রুজু হয় এবং গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।









