কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিএনপি নেতা রেজাউল হত্যার পুনঃতদন্ত দাবি

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের জদ্দারপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা রেজাউল মন্ডল হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রিফাইতপুর বাজারে অবস্থিত একটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রেজাউলের ছেলে আলমগীর আলো। লিখিত বক্তব্যে আলমগীর আলো অভিযোগ করেন, প্রায় ১৭ বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তার বাবা রেজাউল মন্ডলকে একই এলাকার নবীর মোল্লা ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।

পরে রাজনৈতিক প্রভাব, অর্থ ও ক্ষমতার দাপটে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ফলে মামলার আসামিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যান এবং তার পরিবার দীর্ঘদিনেও হত্যার বিচার পায়নি। আলমগীর আলো বলেন, “আমরা চাই, আমার বাবার হত্যাকাণ্ডের মামলাটি পুনরায় তদন্ত করা হোক এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।”

সংবাদ সম্মেলনে নিহত রেজাউলের ভাই রিয়াজ মন্ডল অভিযোগ করে বলেন, নবীর মোল্লা তাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছেন। নিজেদের জমি ফিরে পাওয়ার চেষ্টা করায় তার ভাই রেজাউলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। রিয়াজ মন্ডল বলেন, “আমরা আমাদের জমি ফিরে পেতে চেয়েছিলাম। এ কারণে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।” সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে রেজাউল মন্ডল হত্যাকাণ্ডের মামলাটি পুনরায় তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তবে পরিবারের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নবীর মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর