আজাদ সানি ॥ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার মিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে মিরপুর রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। যুবদলের এ প্রশংসনীয় উদ্যোগকে উৎসাহিত করতে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঝোপ-জঙ্গল ও আগাছা পরিষ্কার অভিযানে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
এ সময় তিনি নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরাও এ অভিযানে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর সমাজের অন্যতম পূর্বশর্ত। জনসম্পৃক্ততার মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মানুষের কল্যাণ ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “মিরপুর রেলওয়ে স্টেশনটি অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী একটি স্টেশন। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনটি জরাজীর্ণ অবস্থায় পড়েছে। ফলে এখানে যাত্রীদের আসতেও অনেকটা ভয় হয়। আজ আমাদের উপজেলা যুবদলের নেতারা দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন।
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উন্নয়নমূলক কাজের মাধ্যমে এ স্টেশনের জৌলুস ফিরিয়ে আনার চেষ্টা করব। একই সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম বেগবান করে স্টেশনটিকে যাত্রীদের যাতায়াতের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।” মিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আহাম্মেদের পরিচালনায় পরিচ্ছন্নতা অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান (আজাদ) বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুবদল নেতা কামরুজ্জামান কাকন, আব্দুল মোমিনসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।









