কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি

ইবি প্রতিনিধি ॥ তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গতকাল বুধবার (৬ মে) বিকেল ৪টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে এই জয় নিশ্চিত করে তারা। ৪০ মিনিটের উত্তেজনাপূর্ণ খেলায় ইবি ৮৪-৩৮ পয়েন্টে রাবিকে পরাজিত করে, যা ৪৬ পয়েন্টের বড় ব্যবধান। ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে ইবির খেলোয়াড়রা।

খেলা শেষে বিকেল সাড়ে ৫টায় রানার্সআপ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ড. শেখ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আলীনূর রহমান, ড. নজিবুল হকসহ উভয় দলের কোচ ও খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত দলের অধিনায়ক তামিমুর রহমান বলেন, “আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে পেরেছি।

২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় এই শিরোপা ধরে রেখেছে। এই জয়ের মুহূর্তে আমরা আমাদের সিনিয়রদের স্মরণ করছি, যাদের অনুপ্রেরণায় আমরা এখানে পৌঁছেছি। দেশের সব বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা প্রমাণ করেছি, আমরা সেরা।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “অ্যাথলেটিক্সের উন্নয়ন নিয়ে আমরা কাজ করছি। একসময় ইবি এ ক্ষেত্রে অনেক ভালো করত, কারণ তখন খেলোয়াড় কোটা ছিল।

পরে তা বন্ধ হয়ে যায়। গুচ্ছ পদ্ধতিতে আসার পর প্রান্তিক বিশ্ববিদ্যালয় হওয়ায় অনেক খেলোয়াড় এখানে আসতে চায় না, এটি একটি চ্যালেঞ্জ।” প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো; ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর