ভেড়ামারা প্রতিনিধি ॥ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারায় ‘শহর পরিচ্ছন্নতা কর্মসূচি’ শুরু হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সার্বিক সহযোগিতায় এ জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ও ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাজাহান আলি এবং পৌর বিএনপির সভাপতি কমান্ডার আবু দাউদ সংহতি প্রকাশ করে অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম সারোয়ারসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে নাগরিক সচেতনতা জরুরি। এডিস মশার বংশবৃদ্ধি রোধে প্রতিটি বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি ভেড়ামারা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। উদ্বোধন শেষে একটি সচেতনতামূলক র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ড্রেন ও জঙ্গল পরিষ্কারের মাধ্যমে প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়।









