খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই জুলাই ২০২৬, ৩:৩৬ এএম

আজাদ সানি ॥ কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের পাটিকাবাড়ী এলাকায় পান্তাপাড়া ও তাহের মোড়ের মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে। গতকাল শনিবার (১৮ জুলাই) এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ‘আল্লাহর দান’ নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
পরে বাসের যাত্রীদের উদ্ধার করে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, বাসটির অতিরিক্ত গতি এবং সড়কের একাংশজুড়ে কৃষকদের রাখা পাটের বোঝা থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে স্থানীয় পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পাটিকাবাড়ী থেকে নলকোলা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে কৃষকরা রাস্তার একাংশ দখল করে পাট শুকানোর জন্য ফেলে রাখছেন, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ কারণে তিনি সংশ্লিষ্ট সকল পাটচাষীকে নিজ দায়িত্বে দ্রুত রাস্তা থেকে পাট সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য