বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প। এসময় উদ্ধার করা ফেয়ারডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) রাত ৮টা ৩৫ মিনিটে কুমারখালী উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকায় সাবেক চেয়ারম্যান শরিফুল আলমের দুইতলা ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ও ৪৪ গ্রাম গাঁজাসহ শাজাহান মন্ডল (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাশালিয়া মন্ডলপাড়া এলাকার আজগর আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি কুমারখালীর শেরকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার হেফাজতে থাকা মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
