শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ মে দিবসে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কলকারখানা-প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) সকাল ৯টার দিকে দিবসটি পালনে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সভায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। স

ভায় বক্তারা বলেন, ‘শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শ্রমিকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও সুরক্ষিত শ্রমশক্তি অপরিহার্য। বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর জোর দেন।

এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা তাদের অধিকার আদায়ে যে অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রাণিত করে। আমি কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেশের সার্বিক অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের অসামান্য অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং উন্নত জীবনমান নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আসুন, আমরা সকলে মিলে একসাথে কাজ করি এবং একটি শোষণমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ি। সকল শ্রমিকের সুন্দর ভবিষ্যৎ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এছাড়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, আজকের বাংলাদেশে শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, সব খাতেই শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু দুঃখজনকভাবে, এখনো অনেক ক্ষেত্রে শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। আমরা চাই প্রতিটি শ্রমিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এদেশের মেহনতি মানুষের পাশে ছিলেন, তেমনিভাবে তারই সুযোগ্য পূত্র প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের ভাগ্যের পরিবর্তনে দিনরাত পরিশ্রম করে চলেছেন। বিএনপি জনমানুষের দল, মানুষের অধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে ছিলাম এবং থাকব। শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন, শ্রম আইনের সঠিক বাস্তবায়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে আমরা অঙ্গীকারবদ্ধ। শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সুবিধার্থে সারা দেশে খাল খননের কাজ চালু করেছেন। নির্বাচনের আগে বিএনপির যে ৩১ দফা কর্মসূচি ছিলো সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমরা শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধ।