জামায়াত এমপি আমির হামজার নামে গ্রেপ্তারি পরোয়ানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জামায়াত এমপি আমির হামজার নামে গ্রেপ্তারি পরোয়ানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২২, ২০২৬

ঢাকা অফিস ॥ কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন। এর আগে গত ২ এপ্রিল সকালে বিদ্যুৎ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলার দায়ে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে  আমির হামজার বিরুদ্ধে মামলা করেন।

ওইদিন বিকেলে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে আদালত। মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমির হামজা সিরাজগঞ্জের কৃতী সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও আপাদমস্তক ইসলাম বিদ্বেষী বলেছেন। এতে সিরাজগঞ্জের মানুষ ক্ষুব্ধ হয়েছ। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করিনি। সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

আমরা ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করেছি। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, আমরা সকল কাগজ ও পেনড্রাইভ দিয়ে পূর্ণাঙ্গ মামলা ফাইল করেছিলাম। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত সমন জারি করেন। নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।’

এ বিষয়ে জানতে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় জেনে তিনি বলেন, ‘গাড়ির ভেতর আছি, পরে কথা বলব।’ সিরাজগঞ্জের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে তিনি বলেন, ‘জানি না ওসব।’

২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছিলেন। তাঁর অভিযোগ, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করেছেন।

গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাঁকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন সংসদ সদস্য আমির হামজা। এ ঘটনায় ৩০ মার্চ দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেন। এরপর ২ এপ্রিল অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কবির কর্নেল বাদী হয়ে আরও একটি মামলা করেন।

এদিকে ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ডিসি) নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগেও আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়, তিনি এক বক্তব্যে দাবি করেন, বর্তমান ডিসি বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। আইনি নোটিশে তাকে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করার দাবি জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।