কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হেরোইন-ফেনসিডিলের কারবারে অনিতা রানী

কুষ্টিয়া-রাজশাহীতে মাদক সিন্ডিকেট

 

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া ও ভেড়ামারা এলাকার বাসিন্দা অনিতা রানী সরকারকে ঘিরে আন্তঃজেলা মাদক সিন্ডিকেট পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের সরবরাহ এবং একাধিক এলাকায় মাদক নেটওয়ার্ক বিস্তারের অভিযোগে তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার খোকন মাহাজন, করিম মাহাজনসহ কয়েকজন মাদক কারবারির কাছ থেকে নিয়মিত হেরোইন সংগ্রহ করে কুষ্টিয়াসহ আশপাশের বিভিন্ন জেলা এবং রাজবাড়ীর পাংশা এলাকায় পাইকারি ও খুচরা সরবরাহের সঙ্গে অনিতা রানী সরকারের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত-তালতলা এলাকার রাজু ওরফে জিয়ার মাধ্যমে সীমান্তপথে গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।

একই সঙ্গে অস্ত্র সংগ্রহ ও সরবরাহের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে আরও অভিযোগ পাওয়া গেছে, ভেড়ামারা-পাকশী রেলপথ ব্যবহার করেও মাদক পরিবহন করা হয়ে থাকে। রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির পরিচিতিকে কাজে লাগিয়ে ট্রেনযোগে মাদক পরিবহনের অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে ট্রেনের স্টাফ, টিটিই, খাবার সরবরাহকারী ও রেলওয়ে পুলিশের কিছু সদস্যের সঙ্গে যোগাযোগ এবং আর্থিক লেনদেনের মাধ্যমে মাদক পরিবহনের সুযোগ নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং কোনো রেল কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সম্পৃক্ততা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। অনুসন্ধানে অনিতা রানী সরকারের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্যও পাওয়া গেছে। এর মধ্যে ২০২৩ সালের ১৯ এপ্রিল কুষ্টিয়া সদর থানায় ৪৩ নম্বর মামলা, একই বছরের ১৭ আগস্ট গোদাগাড়ী থানায় হেরোইনসহ গ্রেপ্তারের ঘটনায় জিআর-৪২৩ নম্বর মামলার তথ্য এবং ৫ নভেম্বর ভেড়ামারা থানায় ১০ নম্বর মামলার তথ্য রয়েছে। অভিযোগ রয়েছে, এসব মামলায় গ্রেপ্তারের পর তিনি কিছু সময় কারাভোগ করে জামিনে মুক্ত হন এবং পরবর্তীতে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার নেটওয়ার্ক বিস্তারে সক্রিয় হন।

এদিকে অনিতা রানী সরকারের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের যোগাযোগ ও ঘনিষ্ঠতার অভিযোগও উঠেছে। এমনকি ঢাকার মিন্টো রোডে কর্মরত একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অনিতা রানী সরকারকে ঘিরে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হলে কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিস্তৃত কথিত মাদক নেটওয়ার্কের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

তারা অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকর তদন্ত দাবি করেছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অনিতা রানী সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর