কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সীমান্তে বিএসএফের ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল রোববার (১১ অক্টোবর) পৌনে ৮ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে নিজ ক্ষেতে কাজ করার সময় বিএসএফের গুলিতে সাহাজুল (৩০) নামে এক বাংলাদেশী কৃষক আহত হন।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোরের দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত দিয়ে ৪জন ভারতীয় নাগরিককে নদীপথে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। ৪ জনের মধ্যে ২জন পুরুষ ও ২জন নারী রয়েছেন। পরে ওই ৪জন নৌকায় করে মুন্সিগঞ্জ সীমান্তে আসলে টের পান স্থানীয় জনতা ও বিজিবি। 

 

এসময় ৪ জন ভারতীয় নাগরিককে মাথাভাঙ্গা নদী পার করে সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করেন বিজিবি। এরপর তারা ভারতীয় ভূখন্ডে ফসলি ক্ষেতের ভেতর অবস্থান করলে সকাল সাড়ে ৯টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ উদয় কিষাণ ক্যাম্পে তাদের নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

 

এর আগে শনিবার সকালে একই উপজেলার জামালপুর সীমান্তে নিজের ক্ষেতে কাজ করছিলেন কৃষক সাহাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিনা উস্কানিতে গুলি ছুঁড়লে ওই বাংলাদেশি কৃষক আহত হন। খবর পেয়ে জামালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়ালে বিএসএফের আমন্ত্রণে দুদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

 

এদিকে গতকাল রোববার সকালে বিএসএফের পুশিনের অপতৎপরতা রুখে দেয়ার পর সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি।

 

পুশইনের বিষয়ে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 

 

পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ৪ জন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করা হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। সীমান্তে বিএসএফের তৎপরতা রুখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং বিজিবি আগের চেয়ে এখন প্রতিবাদের ভাষা আরো শক্ত করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর