বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৮০ গ্রাম গাঁজা ও ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১০ জুলাই) জেলার সদর থানার কুঠিপাড়া এবং মিরপুর থানার আমলাসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাদকসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন মিরপুর উপজেলার ঘোষপাড়ার মো. সিজান ইসলাম (২০), পিতা- মো. নাসির উদ্দীন এবং খয়েরচারা গ্রামের মো. নান্টু মন্ডল (৪০), পিতা- মৃত তালেব মন্ডল।
অভিযানে তাদের কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট মামলা নম্বর ১৩৯০/২৬ ও ১৩৯১/২৬-এ দুই আসামিকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন। উপ-পরিদর্শক মো. রাসেল কবীর ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।









