বিশেষ প্রতিনিধি ॥ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুষ্টিয়ার পদ্মা নদীতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদী থেকে ১৮টি অবৈধ চায়না দোয়ার জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ হাসান সোহাগের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালি খাতুন। অভিযানে সহযোগিতা করে ঈশ্বরদী লক্ষী কুন্ডি থানার নৌ পুলিশ সদস্যরা। এ সময় নৌ পুলিশের এসআই সফি উদ্দিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে কুষ্টিয়া সদর উপজেলার আওতাধীন পদ্মা নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৮টি অবৈধ চায়না দোয়ার জাল জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং জেলেদের সচেতন করা এ অভিযানের অন্যতম লক্ষ্য।
কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ হাসান সোহাগ বলেন, “মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মা ইলিশ রক্ষায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সহযোগিতা করতে হবে।” তিনি আরও বলেন, নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। মৎস্য সম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।









