খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী মাহাফুজুর রহমান বর্ষণকে অপহরণের সাত ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার পাতিলডাঙ্গি বিল এলাকা থেকে তাঁকে অপহরণের পর পার্শ্ববর্তী কুমারখালীর জিলাপিতলা বালুর চরে আটকে রাখা হয়। পুলিশের তৎপরতায় বিকেলে মোটরসাইকেলসহ তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোকসা উপজেলার মাঠপাড়া এলাকার বাসিন্দা গোলাম সারওয়ারের ছেলে ব্যবসায়ী মাহাফুজুর রহমান বর্ষণ (২৮) সকালে নিজের জমি পরিদর্শনে পাতিলডাঙ্গী বিল এলাকায় যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। অপহরণকারীরা তাঁর একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে কুমারখালী থানার জিলাপিতলা বালুর চর এলাকায় নিয়ে আটকে রাখা হয়।
অপহরণের খবর পেয়ে খোকসা থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। ভুক্তভোগীকে উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি জোরদার করা হয়। পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা চাপের মুখে পড়ে। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে তারা মোটরসাইকেলসহ বর্ষণকে ছেড়ে দেয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









