কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিককে হামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন, আদালত ঘেরাওয়ের ঘোষণা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে যাওয়া এক সাংবাদিকের ওপর হামলার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী এলাকা থেকে গ্রেপ্তার করে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়। এরপর দুপুরের আসামিদের কারাগারে না পাঠিয়ে জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এদিকে সাংবাদিক হামলার মামলার আসামিদের কারাগারে না পাঠিয়ে জামিন মঞ্জুর করায় ক্ষুব্দ জেলার সকল পর্যায়ের সাংবাদিকরা।

তারা আজ ( সোমবার) সকালে কুষ্টিয়া বিজ্ঞ জেলা জজের আদালত ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন-কুষ্টিয়া ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেনের চাচা আমিরুল ইসলাম (৫৫) ও কথিত পিএস মারুফ হোসেন (৩৫)। দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। এরআগে, গত শনিবার দুপুরে পৌরসভার কালীবাড়ী মন্দিরের সামনে সড়কের অনিয়মের তথ্য সংগ্রহে গেলে নির্মম হামলার শিকার হন বেসরকারি বাংলা টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস।

এঘটনায় সন্ধায় কুষ্টিয়া-৪ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন ও এমপির চাচা আমিরুল ইসলাম এবং চাচাতো ভাই আনোয়ার হোসেন, কথিত পিএস মারুফ হোসেনসহ ১১ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা চেষ্টা আইনে তিনি মামলা করেন। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২০ – ২৫ জনকে। অন্যান্য আসামিরা হলেন – শিবরামপুরের শরিফুলের ছেলে রুহুল আমিন (২২), দুর্গাপুরের আলতাফের ছেলে লিটন হোসেন (৪৫), পাথরবাড়িয়ার মো. কাফির ছেলে মো. আল আমিন (২৭), এলংগী এলাকার শফিকুলের ছেলে সোহান (২৬), জিয়ারতের ছেলে আল আমিন (২৬), বাদশার ছেলে সাব্বির (২৮), ওবাইদুলের ছেলে সাদিক (২৬)।

তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক উল্লাস। তাঁর মুখে ও মাথায় সাদা ব্যান্ডেজ বাধা। চোখ – ফোলা। পিঠে একাধিক স্থানে আঘাতের ক্ষত। এ সময় সাংবাদিক মাহাবুব আহসান উল্লাস বলেন, ‘ নানা অভিযোগে পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু প্রভাব খাটিয়ে জামায়াতের এমপি ছেলে, ভাই ও স্বজনরা জোরপূর্বক সড়ক নির্মাণ কাজ চলমান রেখেছেন। কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়ম হচ্ছে।

সেসব তথ্য চিত্র সংগ্রহে গেলে এমপির স্বজনরা অতর্কিত হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত জখম ও আহত করেছে। সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ সাংবাদিকের ওপর এমন হামলা এবং আসামিদের দ্রুত জামিন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, ‘ বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে না পাঠিয়ে জামিন মঞ্জুর করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আজ (সোমবার) আদালত ঘেরাও করা হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলন করা হবে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা আইনে ১১ জনের নাম উল্লেখ করে মামলা নথিভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। জামিনের বিষয় বিজ্ঞ আদালত ভালো বলতে পারবেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর