কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বানভাসি পরিবারের মাঝে শুকনো খাবার-বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ

দৌলতপুর প্রতিনিধি ॥ বন্যার পানিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় সংগঠনটির উদ্যোগে ১০০টি অসহায় ও বানভাসি পরিবারের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল  রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা দুর্গত পরিবারের কাছে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন।

এ সময় বন্যার্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের প্রয়োজনীয়তার খোঁজখবর নেন। আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা কামরান আহমেদ রাজীব বলেন, “বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের দুর্দিনে তাদের পাশে থাকতে পারাটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।” আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সেলিম রেজা বলেন, “বন্যার্ত মানুষের দুর্ভোগ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হয়তো ছোট একটি প্রয়াস, তবে মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বলেন, “মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক অঙ্গীকার। সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের ফলে আজকের এই কার্যক্রম সফল হয়েছে। প্রয়োজনের সময়ে অসহায় মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই।” ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের আজীবন সদস্য মোহাম্মদ খালেদ কায়সার পলাশ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রাকিবুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুজা উদ্দীন, সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমেদ, অর্থ সম্পাদক এস.এম. এমরান হোসাইন, দপ্তর সম্পাদক শাহরিয়ার হামিম, প্রচার সম্পাদক শাফিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইউসুফ খান, সাব্বির আহমেদ ও পালাশসহ সংগঠনের অন্যান্য সদস্য। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর