সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা খেয়াঘাট মার্কেটে ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মার্কেটের নূর টেলিকম দোকানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকান মালিকের দাবি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকান মালিক নূর আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে খেয়াঘাটের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর দোকানে থাকা বিভিন্ন মোবাইল ফোন, ট্যাবসহ বেশ কিছু প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
তিনি আরও দাবি করেন, দোকানে নগদ টাকা এবং বিকাশ-নগদ লেনদেনের জন্য রাখা প্রায় ৯৫ হাজার টাকা ছিল, যা আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে খোকসা ফায়ার সার্ভিসের সাব-অফিসার আলতাফ হোসেন জানান, প্রাথমিকভাবে প্রায় ১ থেকে ২ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা ধারণা করছেন। এদিকে, দোকান মালিকের দাবি করা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।









