বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামে এক ছাত্রদল নেতাকে আটক হয়েছেন। এ ঘটনার একটি ১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ মুচিপাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হওয়া মারুফ হাসান পিয়াস কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য সচিব। তিনি হাটশ হরিপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার হালিমের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, ওই নারীর বাড়িতে পিয়াসের নিয়মিত যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। রোববার সন্ধ্যায় পিয়াস ওই বাড়িতে প্রবেশ করলে নারীর স্বামী ও স্থানীয়রা একটি ঘরে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন।
এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পিয়াসকে উদ্ধারে তার লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলিবর্ষণ করেন বলে স্থানীয়দের অভিযোগ। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা পিয়াসকে ঘটনাস্থল থেকে নিয়ে যান।
এ বিষয়ে ওই নারীর স্বামী অন্তর হোসেন বলেন, ঐ ছেলের (মারুফ হাসান পিয়াস) সাথে আমার স্ত্রী পরকিয়া সম্পর্ক থাকার বিষয়ে জানলে কোন প্রমাণ ছিলো না। বাড়ীর পাশেই আমার দোকান, ঐ (মারুফ হাসান পিয়াস) আমার বাড়ীতে ঢুকলে আমার ভাতিজারা বাড়ী গেটে তালা দিয়ে আমাকে খবর দেই। আমি বাড়ীর পিছন দিয়ে গিয়ে ঘরের লাইট বন্ধ অবস্থায় তাদের ধরি। পরবর্তিতে আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কাজি ডাকি। কিন্তু সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তার ক্যাডার বাহিনী এসে গোলাগুলি করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা মারুফ হাসান পিয়াস বলেন, উনি আমার বন্ধুর ছোট বোন। আমাকে তার সমস্যার কারণে ডেকেছিলো। সেখানে আমাকে মব করা হয়েছে। পরে আমি সেখান থেকে পালিয়ে এসেছি।
গোলাগুলির সতত্য স্বীকার করে ছাত্রদল নেতা মারুফ হাসান পিয়াস বলেন, আমি গোলাগুলির শব্দ শুনেছি। গোলাগুলির সময় আমি বাড়ীর ভিতরে ছিলাম। তাই কে বা কাহারা গোলাগুলি করেছে তা আমি জানিনা। জাসদ-ছাত্রলীগ এই গোলাগুলির সাথে জড়িত বলে আমি জেনেছি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, এই ব্যাপারটা আমরা দেখতেছি। এখনও মন্তব্য করার মত কিছু না।









