কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সম্মিলিত উদ্যোগ ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়: ডিসি তৌহিদ বিন-হাসান

রঞ্জুউর রহমান ॥ সমবায় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। তিনি বলেন, একটি দেশের উন্নয়ন শুধু সরকারের একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। সরকার, জনগণ, উদ্যোক্তা ও সমবায় সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলেই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব।

 

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুষ্টিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, পণ্য মেলা উদ্বোধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সকালে কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয় থেকে সমবায়ীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রাণকেন্দ্র এনএস রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর ফিতা কেটে সমবায় পণ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।

 

জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। আপন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমিনুল ইসলাম (নাঈম) ও কুষ্টিয়া সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মোহাম্মদ আখতার হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হাসান ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা পর্যায়ের দপ্তরপ্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, দেশ গঠন ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর জাপান মাত্র এক যুগের মধ্যে নিজেদের অর্থনীতি ও রাষ্ট্রীয় অবকাঠামো পুনর্গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। এর পেছনে ছিল তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সম্মিলিত উদ্যোগ, মেধা ও কঠোর পরিশ্রম।

 

তিনি বলেন, বিশ্বের ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশগুলো নিজেদের দক্ষতা, পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে। কোনো কাজ ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সমবায় বা সম্মিলিতভাবে পরিচালিত হলে দায়িত্ব ভাগাভাগি, পারস্পরিক সহযোগিতা ও সফলতার সম্ভাবনা বেড়ে যায়।

 

জেলা প্রশাসক আরও বলেন, দেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করলে, একে অপরের সহযোগিতায় এগিয়ে এলে এবং উৎপাদনমুখী উদ্যোগে অংশ নিলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ জন্য সমবায়ের ধারণাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

 

দিনব্যাপী সমবায় পণ্য মেলায় বিভিন্ন সমবায় সমিতির উৎপাদিত পণ্য ও উদ্যোক্তাদের কার্যক্রম প্রদর্শিত হয়। মেলার মাধ্যমে সমবায়ভিত্তিক উৎপাদন, উদ্যোক্তা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর