বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে মাস্টার্স (এমএ) ডিগ্রি অর্জন করেছেন। এটি তাঁর ষষ্ঠ মাস্টার্স ডিগ্রি।
গত ১০ অক্টোবর প্রকাশিত ফলাফলে তিনি ৪.০০-এর মধ্যে ৩.৬৪ পয়েন্ট পেয়ে এ-মাইনাস গ্রেড অর্জন করেন। একই সঙ্গে তাঁর সহধর্মিণী সাদিয়া আফরিনও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে মাস্টার্স (এমএ) ডিগ্রি অর্জন করেছেন। এটা তার দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি।
জানা যায়, অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ১৯৯৬ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম এমএ ডিগ্রি অর্জন করেন। সে সময় তিনি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। এর প্রায় ২৮ বছর পর রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে দ্বিতীয় এমএ, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তৃতীয় এলএলএম ডিগ্রি, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে চতুর্থ এমএ ডিগ্রি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পঞ্চম এমএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জ্ঞান অর্জনের প্রতি তাঁর আগ্রহ ও শিক্ষার প্রতি গভীর অনুরাগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর শিক্ষাজীবনের এই ধারাবাহিক সাফল্যকে অনেকে অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন। বয়স কিংবা পেশাগত ব্যস্ততা যে জ্ঞান অর্জনের পথে বাধা হতে পারে না, তাঁর এই অর্জন তারই একটি দৃষ্টান্ত।
তাঁর ষষ্ঠ মাস্টার্স ডিগ্রি অর্জনে শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে তাঁর সহধর্মিণী সাদিয়া আফরিনের সাফল্যেও শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।









