কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম ছোট, ভোগান্তিতে যাত্রীরা

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন থামলেও সব বগির যাত্রী প্ল্যাটফর্মে নামতে পারেন না। ট্রেনের কয়েকটি বগি প্ল্যাটফর্মের বাইরে থাকায় অনেক যাত্রীকে রেললাইনের পাশে নেমে স্টেশন ছাড়তে হয়। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মটি অনেক পুরোনো। স্টেশনটি যখন তৈরি করা হয়েছিল, তখনকার ট্রেনের তুলনায় বর্তমানে ট্রেনের দৈর্ঘ্য ও বগির সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী প্ল্যাটফর্ম বড় করা হয়নি।

বিশেষ করে আন্তঃনগর ট্রেন স্টেশনে থামার পর প্ল্যাটফর্মের শেষ প্রান্তের বাইরে থাকা বগির যাত্রীদের নিচে নামতে দেখা যায়। যাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষও থাকেন। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। মিরপুরের ব্যবসায়ী রফিক বলেন, “ট্রেনের কয়েকটা বগি যখন প্ল্যাটফর্মের বাইরে থাকে, তখন যাত্রীদের নিচে নেমে যেতে হয়। প্রতিদিনই মানুষ এভাবে ওঠানামা করছে। একটা দুর্ঘটনা ঘটার আগে প্ল্যাটফর্মটা ঠিক করা দরকার।” স্থানীয় বাসিন্দা মো. পল্টু মন্ডল বলেন, “অনেকদিন ধরেই আমরা প্ল্যাটফর্ম বড় করার কথা বলে আসছি। এখন তো বড় বড় ট্রেন চলে।

কিন্তু প্ল্যাটফর্ম আগের মতোই আছে। যাত্রীদের সুবিধার জন্য এটা দ্রুত বাড়ানো দরকার।” স্থানীয়দের দাবি, শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ালেই হবে না, এর উচ্চতাও বাড়াতে হবে। পাশাপাশি স্টেশনে যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও বলছেন তারা। প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নসহ সাত দফা দাবিতে ২০২৫ সালের ডিসেম্বরে স্থানীয়রা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছিলেন। ওই সময়ও প্ল্যাটফর্মের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়। মিরপুরবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যাটি থাকলেও স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, আন্তঃনগর ট্রেনের সব বগির যাত্রী যেন প্ল্যাটফর্ম থেকেই নিরাপদে ওঠানামা করতে পারেন, সে অনুযায়ী দ্রুত প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও উঁচুকরণের উদ্যোগ নেওয়া হোক।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর