বিশেষ প্রতিনিধি।। কুষ্টিয়ায় চীনের নানজিং ইনস্টিটিউট অব টেকনোলজি (NJIT)-তে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে “Plan Your Higher Education Roadmap with NJIT” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ভিশন কুষ্টিয়া আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ভিশন কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা মিস লিনা জাকির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নানজিং ইনস্টিটিউট অব টেকনোলজির Official International Student Admission Ambassador সোহানুর রহমান সোহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিশন কুষ্টিয়ার সভাপতি খোন্দকার আবদুল মজিদ। এছাড়া কুষ্টিয়ার সুধীজনেরাসহ বিভিন্ন শিক্ষার্থী ও উচ্চশিক্ষায় আগ্রহী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে চীনে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, নানজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তির প্রক্রিয়া, শিক্ষাবৃত্তি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
এসময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার ক্ষেত্রে চীন দ্রুত গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে উঠে আসছে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের একাডেমিক সুবিধার কারণে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। পরিকল্পিতভাবে প্রস্তুতি নিলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও নিজেদের দক্ষ করে তুলতে পারবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণ সমাজ। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মেধাবী শিক্ষার্থী আর্থিক বা সামাজিক সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, উদ্যোক্তা, শিক্ষক ও রাষ্ট্রনায়ক। তাই তাদের স্বপ্ন দেখার সুযোগ সৃষ্টি এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা অর্জনের জন্য এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুষ্টিয়ার তরুণদের মেধা, জ্ঞান ও দক্ষতাই হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রধান শক্তি।
মিস লিনা জাকির বলেন, চীনের নানজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা NJIT-এ ভর্তি, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, স্কলারশিপের সুযোগ, আবাসন ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং সঠিক তথ্যের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিষয় নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার বিষয়ে সচেতন করা এবং বিদেশে পড়াশোনার জন্য সঠিক দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।








