কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১৫ই আগস্ট ২০২৬, ১:৩১ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার তালতলা এলাকায় অভিনব কৌশলে এক হতদরিদ্র ভ্যানচালকের পাখিভ্যান নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভাড়া নেওয়ার পর ভ্যানচালককে কৌশলে ভ্যান থেকে দূরে পাঠিয়ে দিয়ে সুযোগ বুঝে ভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টা ২১ মিনিট থেকে সাড়ে ৭টার মধ্যে তালতলা এলাকায় মৃত জলিল মণ্ডলের বাড়ির সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, ছবিতে থাকা প্যান্ট পরিহিত এক ব্যক্তি কচুবাড়ীয়া এলাকা থেকে তালতলায় মোকাদ্দেশের বাড়িতে যাওয়া-আসার জন্য ২০০ টাকায় তার পাখিভ্যান ভাড়া করেন। পরে মোকাদ্দেশের বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান করা আরেক ব্যক্তি নিজেকে ওই বাড়ির লোক বলে পরিচয় দেন।
এ সময় প্রথম যাত্রীটি ভ্যান থেকে নেমে যান এবং অপর ব্যক্তি ভ্যানে উঠে বসেন। তাকে নিয়ে ভ্যানচালক কচুবাড়ীয়ার দিকে ফেরার পথে তালতলায় মৃত জলিল মণ্ডলের বাড়ির সামনে পৌঁছান। সেখানে ওই ব্যক্তি ভ্যানচালককে জানান, তার কাছে কোনো টাকা নেই। পরে তিনি ভ্যানচালককে হেঁটে মোকাদ্দেশের বাড়িতে গিয়ে আগের যাত্রীর কাছ থেকে ভাড়ার টাকা নিয়ে আসতে বলেন। কথাটি বিশ্বাস করে ভ্যানচালক সড়কের পাশে পাখিভ্যানটি রেখে টাকা আনতে মোকাদ্দেশের বাড়ির দিকে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি আগের যাত্রীকে আর খুঁজে পাননি। পরে দ্রুত ঘটনাস্থলে ফিরে এসে দেখেন, সড়কের পাশে রাখা তার পাখিভ্যানটিও নেই।
ভুক্তভোগীর অভিযোগ, ভ্যানটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তাকে কৌশলে ঘটনাস্থল থেকে দূরে পাঠানো হয়ে থাকতে পারে। তার দাবি, পাখিভ্যানটিই ছিল তার পরিবারের জীবিকার প্রধান অবলম্বন। সেটি হারিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত প্রতারণার অংশ হতে পারে। তবে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব। ভুক্তভোগী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত তার পাখিভ্যানটি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য