কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ীর নওদাপাড়ায় রশিদুল ফিলিং স্টেশনের উদ্বোধন

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ে এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন করা হয়েছে মেসার্স রশিদুল ফিলিং স্টেশন। গতকাল শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিং স্টেশনটির উদ্বোধন করা হয়।

গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ে ফিলিং স্টেশনটি চালু হওয়ায় পাটিকাবাড়ী, আমবাড়ীয়া, কুর্শা, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার যানবাহন চালক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের জ্বালানি সংকটের কিছুটা হলেও নিরসন হবে বলে আশা করছেন স্থানীয়রা।

ফিলিং স্টেশনের প্রতিষ্ঠাতা রশিদুল হক প্রামাণিক বলেন, “অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই পেরিয়ে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ফিলিং স্টেশনটি উদ্বোধন করতে পেরে আমি শুকরিয়া আদায় করছি। এখানে ডিজেল, পেট্রোল ও অকটেন সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। পাশাপাশি দিনরাত ২৪ ঘণ্টা গ্রাহকসেবা দেওয়া হবে।” অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও পাটিকাবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু দাউদ।

তিনি বলেন, “মেসার্স রশিদুল ফিলিং স্টেশনটি চালু হওয়ায় এ এলাকার কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সহজেই ডিজেল কিনতে পারবেন। ফলে কৃষিকাজে তাদের সময় ও ভোগান্তি দুটোই কমবে।” তিনি আরও বলেন, “আমাদের মতো রাজনীতিবিদদের বিভিন্ন কর্মসূচিতে গাড়িবহরের জন্য পেট্রোল ও অকটেন সংগ্রহ করতে মূল্যবান সময় ব্যয় করে সুদূর কুষ্টিয়া কিংবা আলমডাঙ্গায় যেতে হতো। ফিলিং স্টেশনটি চালু হওয়ায় আজ থেকে সেই কষ্ট ও ভোগান্তি অনেকটাই দূর হলো।”

এ সময় তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। রশিদুল হক প্রামাণিকের সুযোগ্য সন্তান এবং প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর, সিঙ্গাপুরপ্রবাসী ও সমাজসেবক ওবাইদুল হক বলেন, “এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে খুব শিগগিরই ফিলিং স্টেশনে সিএনজি ও এলপিজি গ্যাসের সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে এ অঞ্চলের মানুষের জ্বালানি সুবিধা আরও বাড়বে।”ফিলিং স্টেশনটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকেরা সন্তোষ প্রকাশ করেছেন।

তারা আশা করছেন, সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রি এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা চালু থাকায় এটি এ অঞ্চলের যানবাহন মালিক ও চালকদের জন্য গুরুত্বপূর্ণ একটি সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন, এলাকার সাবেক মেম্বার আবু বক্কর, ওবাইদুল হকের শ্বশুর শাজাহান মালিথা, ভাইরা ভাই হাফিজুর রহমান, স্থানীয় বিএনপি নেতা মীর আরিফ, ডাঃ শহীদ, নাজমুল, ছাত্রনেতা মামুন, জ্যাকি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু জাফর।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর