নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুরে ২০৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সানোয়ার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্প। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পোড়াদহ পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সানোয়ার কুষ্টিয়া সদর উপজেলার ১৯ নম্বর ওয়ার্ডের চৌড়হাস পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি আনারুলের ছেলে এবং পলির ছেলে বলে র্যাবের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর থানাধীন পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ পুরাতন বাজারের বেবী স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে পোড়াদহ পুরাতন বাজারস্থ মেসার্স মন্ডল হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক নামের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. সানোয়ারকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২০৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









