এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পিয়ারপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তির জন্য দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) বাদ আসর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জয়ভোগা ও হলুদবাড়িয়া বিএনপির নেতৃবৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান লস্কর, পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহুরুল করিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিবর রহমান,
সাধারণ সম্পাদক খন্দকার আরিফুর রহমান সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রবীণ নেতা মোঃ জানবার আলির সভাপতিত্বে প্রধান অতিথি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জীবন নিয়ে আলোচনা স্বল্প সময়ে সম্ভব নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এই মহীয়সী নারীর দেশের প্রতি যে অবদান তা বাংলাদেশের হৃদয়ে থাকবে চিরদিন। তিনি আমাদের মাঝে নেই, আমরা তাঁর আত্মার শান্তির জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন। হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মিরদাদ হোসেন।









